

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ৪০ দিন পূর্ণ হওয়ায় তাকে স্মরণ করে বার্তা দিয়েছেন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
গতকাল ৯ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি তার পিতাকে ‘ইসলামিক উম্মাহ এবং সত্যান্বেষীদের নেতা’ হিসেবে অভিহিত করেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ ও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চলাকালে সপরিবারে নিহত হন আয়াতুল্লাহ খামেনি। দীর্ঘ ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা খামেনির সাথে তার স্ত্রী, কন্যা ও নাতিও ওই হামলায় প্রাণ হারান।
হামলায় মোজতবা খামেনি নিজে আহত হলেও পরবর্তীতে তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়। বর্তমানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এই ভয়াবহ সংঘাতের সূত্রপাত ঘটে।




