খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার রূপসায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিম্মি বেগম (৪৪) ওই এলাকার হামিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে অভিযুক্ত ছেলে নাদিম ইসলাম তার মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। একপর্যায়ে নাদিম একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় জনতা নাদিমকে ধরে গণপিটুনি দিতে শুরু করে। খবর পেয়ে আইচগাতি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন। তবে ক্ষুব্ধ জনতা নাদিমকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চড়াও হয় এবং পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা নাদিমসহ নিরাপত্তার জন্য পাশের একটি বাড়িতে অবস্থান নেন।

খবর পেয়ে রূপসা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম, রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। স্থানীয়দের বাধার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button