দেশের সবগুলো প্রতিষ্ঠানকে নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সরকার নির্লজ্জভাবে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এটি কার্যত আরেকটি ফ্যাসিবাদ এবং ‘অলিখিত বাকশাল’ প্রতিষ্ঠার শামিল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে গুম প্রতিরোধ, বিচার বিভাগ ও স্থানীয় সরকারসংক্রান্ত বিতর্কিত কিছু বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে সাময়িক ওয়াকআউট করার পর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের কথা বলার সুযোগ সীমিত করা হয়েছে। তিনি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করতে সরকার এমন বিল পাস করছে যার মাধ্যমে নিয়োগ ও নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের হাতে চলে যাবে। এটি অতীতে দলীয় বিচারপতিদের জন্ম দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে।”

স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দলীয় প্রশাসক নিয়োগের কড়া সমালোচনা করে তিনি বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই এই প্রশাসক বসানো মূলত অলিখিত ফ্যাসিজম। এ সময় তিনি বৃহস্পতিবার অনুষ্ঠিত বগুড়া ও শেরপুর উপনির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যার বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গুম প্রতিকার ও স্বাধীন বিচার বিভাগ সচিবালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সরকার বাতিল করে দিচ্ছে, যা সংবিধানবিরোধী। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও বিরোধী জোটের শীর্ষস্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button