
মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের বৃহত্তর টঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১২টায় টঙ্গীর নিজস্ব কার্যালয় থেকে দুই দিনব্যাপী এই সফরের যাত্রা শুরু হয়। ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
ভ্রমণসূচির অংশ হিসেবে প্রেস ক্লাবের সদস্যরা সিলেটের বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। সফরের শুরুতে তারা আধ্যাত্মিক নগরী সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তারা ভোলাগঞ্জের নয়নাভিরাম ‘সাদা পাথর’ এলাকা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জাফলংয়ের বিভিন্ন স্পট ঘুরে দেখেন। জল-পাথর আর পাহাড়ের মিতালিতে সদস্যরা এক মনোমুগ্ধকর সময় অতিবাহিত করেন।
ভ্রমণ শেষে ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লা বলেন, "পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন সদস্যদের মানসিক প্রশান্তি দেয় এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে।"
সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, "সফলভাবে এই সফর সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। ভবিষ্যতেও ক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ রাখতে এ ধরনের সৃজনশীল ও আনন্দদায়ক আয়োজন অব্যাহত থাকবে।"
ভ্রমণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজিব হাসান, আরিফ হোসেন চৌধুরী, নুরুজ্জামান শেখ, আল-আমীন হোসেন, পাপেল মিয়া, জাহাঙ্গীর হোসেনসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
দুই দিনের এই সফরটি অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।