হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার সময় যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন করা থেকে বিরত থাকতে হজযাত্রীদের বিশেষ অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই সতর্কতা জারি করা হয়।

বার্তায় বলা হয়েছে, হজ এজেন্সি বা অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় প্রলুব্ধ হয়ে নিষিদ্ধ দ্রব্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নিচের পণ্যগুলো বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ ও তামাকজাত পণ্য: তামাক পাতা, জর্দা, গুল। খাদ্যদ্রব্য: পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এই নিষেধাজ্ঞার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, “বিগত বছরগুলোতে বারবার সতর্ক করা সত্ত্বেও সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে অনেক সময় নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। এ ধরনের ঘটনা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করে।” তিনি হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরবে কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী জেল-জরিমানাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন অনিশ্চিত হয়ে পড়তে পারে, এমনকি তিনি হজ করার সুযোগও চিরতরে হারাতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button