হত্যার পর ২ বছরের শিশুকে গোপনে দাফন, বাবা-দাদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় দুই বছরের শিশু সন্তানকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে গোপনে দাফন করার অভিযোগে বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শিশুর নাম আশরাফ বিন সামির। এই ঘটনায় শিশুটির মা শারমিন আক্তার বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে অভিযুক্ত সজীব তার স্ত্রী শারমিন আক্তারকে মারধর করছিলেন।

এ সময় শিশু সামির কাঁদতে কাঁদতে মায়ের কোলে উঠতে চাইলে ক্ষিপ্ত হয়ে বাবা সজীব তাকে সজোরে ধাক্কা দেন। শিশুটি ছিটকে গিয়ে দেয়াল ও খাটের সঙ্গে মাথায় প্রচণ্ড আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, ঘটনার সময় মারধরে শিশুটির মা শারমিন আক্তারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই সুযোগে সজীব ও তার মা নুর নাহার বেগম মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে রাতেই তড়িঘড়ি করে শিশুটিকে দাফন করে ফেলেন।

পরবর্তীতে বৃহস্পতিবার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা ও দাদিকে গ্রেপ্তার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button