
মোঃ পাপেল মিয়া, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে একটি মাদক নিরাময় কেন্দ্রের পরিচালকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। চাঁদা দিতে অস্বীকার করায় ওই পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে একটি চাঁদাবাজ চক্র। এই ঘটনায় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
জিডিতে উল্লেখ করা হয়, দুটি পৃথক মোবাইল নম্বর থেকে 'আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র'-এর পরিচালকের কাছে বিএনপি নেতা পাপ্পু সরকারের পরিচয় দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি ভুক্তভোগী পরিচালক সরাসরি পাপ্পু সরকারকে জানালে তিনি বাদী হয়ে এই আইনি পদক্ষেপ নেন।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, "গাজীপুর মহানগর বিএনপির কমিটি গঠনের কার্যক্রম শুরু হলেই একটি চক্র আমার নাম ব্যবহার করে চাঁদাবাজি শুরু করে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আমার রাজনৈতিক সম্মানহানি করার লক্ষ্যে এই অপপ্রচার ও চাঁদাবাজি করা হচ্ছে।" তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, জিডি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।