
মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ৪৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন যুবদল নেতা মোঃ আব্দুল খালেক। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ও ছবি ছড়াচ্ছে।
মোঃ আব্দুল খালেক জানান, অতীতে তার বিরুদ্ধে হওয়া একটি মিথ্যা মাদক মামলার পুরনো ছবি ব্যবহার করে বর্তমানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুধু তাই নয়, তার স্ত্রীকে নিয়েও আপত্তিকর ও বানোয়াট পোস্ট করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
তিনি আরও বলেন, "আমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এসব নোংরা খেলায় মেতেছে। আমি এলাকাবাসীকে এসব গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করার অনুরোধ জানাচ্ছি।"
এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।