গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রায় তিন দশক আগের এই চুক্তিটি অত্যন্ত কার্যকরভাবে কাজ করেছে এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমেই এটি নবায়ন করা হবে।’
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে সরাসরি কোনো জবাব দেননি বিক্রম মিশ্রি। তিনি কেবল বলেন, ‘সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে বাস্তবসম্মত উপায়ে যোগাযোগ বাড়াতে চায় ভারত।’সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে করা বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই মন্তব্যগুলো একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে করা হয়েছিল যা খতিয়ে দেখা প্রয়োজন। এ ধরনের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্যকে দ্বিপাক্ষিক কূটনীতির সঙ্গে মিলিয়ে বড় করে না দেখাই শ্রেয়।’
মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে রাশিয়া থেকে বাংলাদেশের জ্বালানি আমদানিতে ভারতের সহযোগিতার বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, ‘আমরা বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করি। বাংলাদেশ পরিশোধিত তেল আনে। মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যেও আমরা বাংলাদেশে ডিজেল সরবরাহ করেছি এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে।’
ভিসা স্বাভাবিকীকরণ নিয়ে তিনি জানান, ইতোমধ্যে মেডিকেল ভিসা বাড়ানো হয়েছে এবং অন্যান্য প্রক্রিয়া সহজ করা হয়েছে। শিগগিরই সব ধরনের ভিসা প্রদান স্বাভাবিক করা হবে।
ত্রিপক্ষীয় জোট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং তারা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। তবে আমরা চাইব না যে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাংলাদেশ এমন কোনো সম্পর্কে জড়াক, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার খবরের সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র সচিব স্মিত হেসে বলেন, ‘খবরটি সঠিক নয়।’