নিজস্ব প্রতিবেদক: বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একইসঙ্গে প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সোমবার (১১ মে) ডিএসসিসির নগর ভবন অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের (পিসিএসপি) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশাসক এসব নির্দেশ দেন।
সভায় নাগরিক ভোগান্তি ও অনিয়ম রোধে ডিএসসিসি প্রশাসক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করেন, প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা বিল নিতে হবে। এই টাকা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সরাসরি লাইসেন্স বাতিল করা হবে। ‘দিনের বর্জ্য দিনেই’ অপসারণ নিশ্চিত করতে হবে। কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না।
ঈদুল আজহার তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে থাকতে হবে। কোনো বাসা থেকে রাস্তা বা খালে ময়লা ফেলা হলে সেই বাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। একইভাবে ঠিকাদাররা রাস্তা বা খালে ময়লা ফেললে তাদের চুক্তি বাতিল করা হবে। পরিচ্ছন্নতাকর্মীদের নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং নির্ধারিত পরিচ্ছন্ন পোশাকে দায়িত্ব পালন করতে হবে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, "বর্জ্য ব্যবস্থাপনা কেবল একটি সেবা নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। চুক্তির শর্ত ভঙ্গ করলে ডিএসসিসি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।