
আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরে লালপুর উপজেলার ৯ নং এবি (অর্জুনপুর-বরমহাটি) ইউনিয়নে দেড় কোটি টাকা বরাদ্দের একটি সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে সড়কের স্থায়িত্ব নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই অনিয়মের দায় নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপ।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, আরএনসি (RNC) প্রকল্পের আওতায় শালেশ্বর পাকা রাস্তা হতে বরমহাটি হাইস্কুলের পাকা রাস্তা পর্যন্ত মোট ১৩০০ মিটার দৈর্ঘ্য রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। কার্যাদেশ অনুযায়ী উন্নত মানের ভিটি বালু ও শক্তিশালী খোয়া ব্যবহারের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের পচা খোয়া ও বালুর বদলে মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ মে, ২০২৬) সরেজমিনে তথ্য সংগ্রহকালে স্থানীয় বাসিন্দা সেন্টু (৪৫) জানান, "যে মানের কাজ হচ্ছে, তাতে মনে হচ্ছে দুই-চার মাসের মধ্যেই রাস্তা ভেঙে যাবে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।" মন্টু মিয়া নামে এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "কোটি টাকার প্রকল্পে বালুর বদলে মাটি ব্যবহার করে লুটপাট চালানো হচ্ছে।"
অনিয়ম সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফয়সাল আহমেদ শুভ বলেন, "আমি শিডিউল অনুযায়ী কাজ করছি। যেটাকে খারাপ বলা হচ্ছে সেটা সেলভেজ (পুরাতন সামগ্রী), যা সরকার আমাদের কাছে বিক্রি করেছে। উপজেলা প্রকৌশলী সব জানেন এবং তাদের পরামর্শক্রমেই কাজ হচ্ছে।"
অন্যদিকে, নিজের দায় এড়িয়ে লালপুর উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন বলেন, "ইট ফেলার সময়ই আমার লোক বলেছে ইট খারাপ। ঠিকাদারকে ইট পরিবর্তন করতে বলা হলেও তিনি আমার কথার কোনো কর্ণপাত করেননি।’’
এ বিষয়ে নাটোর জেলা নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।