বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা-৪ আসন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই সৈয়দ জয়নুল আবেদীন এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রচার করছে।
তিনি দাবি করেন, কদমতলী শিল্প এলাকায় পতিত আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত মো. হাসান ও সাজিদুর রহমান মাহিন ওরফে ‘শুটার মাহিন’ রাজনৈতিক পরিচয় বদলে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার পরিচালনা করছে। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনায় স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীন এবং তার ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে আটক করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার অনতিবিলম্বে মুক্তির দাবি জানান তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ মহিউদ্দিন বলেন, যে মামলায় আসাদুজ্জামান সাব্বিরকে আটক করা হয়েছে, সেই মামলার প্রধান আসামি ও বাদীকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি প্রশ্ন রেখে বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মাহিনকে কেন আটক করা হচ্ছে না? তার দাবি, একটি রাজনৈতিক শক্তি এ ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে এবং স্থানীয় এমপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এমন অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির পরিচালক ও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবন, কদমতলী পূর্ব থানা আমির ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এবং কদমতলী দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা।