
মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় দিনদুপুরে এক সংবাদকর্মীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে টঙ্গী নতুন বাজার রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসির উদ্দীন বুলবুল দৈনিক সংবাদের মফস্বল ডেস্কের সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, সকালে তিনি নতুন বাজার রেলগেট পার হওয়ার সময় কয়েকজন যুবক হঠাৎ তার পথরোধ করে এবং সাথে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা মোবাইল নিতে ব্যর্থ হয়। একপর্যায়ে ‘রাব্বি’ নামের এক যুবক তার কাছে থাকা সুইস গিয়ার সদৃশ ধারালো অস্ত্র বের করে সাংবাদিক নাসির উদ্দীনকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্ত রাব্বির বাবার নাম ফকির বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি ও আশপাশের এলাকাকে কেন্দ্র করে একটি শক্তিশালী ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, এই চক্রের সাথে রাজু ওরফে “চইক্কা রাজু”, সল্টু, বাপ্পী, ছাল্টু, আল্লাদির ছেলে জনি, রাজিব এবং কালীগঞ্জের বাচ্চুর ছেলে লালসহ আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে।
দিনদুপুরে সংবাদকর্মীর ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা টঙ্গী রেলগেট এলাকায় নিরাপত্তা জোরদার করার এবং এই ছিনতাইকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।




