ট্রাকের ধাক্কায় যুবক নিহত, চালক আটক, ট্রাক ভাঙচুর

আব্দুল আলীম জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় শান্ত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আকাশ (২৩) নামে আরেক যুবক আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর করেন। পরে পুলিশ ট্রাকচালককে আটক করে থানায় নিয়ে আসে।

১৬ মে (শনিবার) সকাল ১১টার দিকে উপজেলার চাঁচকৈর গোপালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত উপজেলার দড়ি কাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম এর ছেলে। তিনি পেশায় কাছিকাঁটা বাজারে ডাচ্-বাংলা ব্যাংক–এর এজেন্ট ব্যাংকিং সেবাকর্মী ছিলেন। আহত আকাশ উপজেলার মসিন্দা চরপাড়া গ্রামের সামিম এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও আকাশ একসঙ্গে কাছিকাটা থেকে চাঁচকৈর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গোপালের মোড় এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়। গুরুতর আহত আকাশকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটকে ভাঙচুর করেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকচালক শাহীন গাজীকে আটক করে পুলিশি হেফাজতে আনা হয়। আটককৃত ট্রাক চালক নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )বলেন, ঘটনার পর পরই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালককে ঘটনাস্থল থেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button