নারী ফুটবল ম্যাচে হামলায় জড়িতদের শাস্তি দাবি

নিজেস্ব প্রতিবেদক: দিনাজপুর ও জয়পুরহাটে নারী ফুটবল দলের খেলা আয়োজনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় নিন্দা এবং দুষ্কৃতকারীদের শাস্তি দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেন, নারী ফুটবল দল যেখানে আন্তর্জাতিক বিভিন্ন খেলায় দেশের জন্য সম্মান বয়ে আনে, সেখানে সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা-ভাঙচুর দেশের জন্য অশনিসংকেত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এ কথা বলেন।

তারা বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য দূর করা। অথচ এই সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে পুঁজি করে নারী-পুরুষের বৈষম্য টিকিয়ে রাখতে চায়। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী নারীকে ঘরে বন্দী করে রাখতে চায়। এরা বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে তৌহিদী জনতার নামে মাজারে আক্রমণ-ভাঙচুর, মেয়েদের পড়াশোনার প্রতি আঙুল তোলা, অভিনেত্রীদের শোরুম উদ্বোধন করতে বাধা দেওয়া ও পাঠ্যপুস্তকের বিষয় পরিবর্তনসহ নানা ঘটনা ঘটিয়ে চলেছে।

একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের বৈষম্যহীন অসাম্প্রদায়িক চেতনায় প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বানও জানান বাম জোটের নেতারা।

গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button