আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, প্রশাসন ও অর্থের পরিচালক শিহাব উদ্দিন খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার পারভেজ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ২০২৪-এর জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মহান মুক্তিযুদ্ধের সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিনটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে। ই-পাসপোর্ট প্রক্রিয়া সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে, যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরও বৃদ্ধি করবে।

রাষ্ট্রদূত ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত বাংলাদেশ মিশন বহির্বিশ্বে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করার দিক থেকে ৬৮তম বাংলাদেশ মিশন হিসেবে এর শুভযাত্রায় পাসপোর্ট অধিদপ্তর ও ই-পাসপোর্ট প্রকল্পের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে দেশের সুনাম ও সম্মান বৃদ্ধির জন্য আহ্বান জানান। ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে ই-পাসপোর্ট সেবা চালুকরণের অংশ হিসেবে প্রধান অতিথি তিনজন আবেদনকারীর কাছে ডেলিভারি স্লিপ তুলে দেন।

পরে ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী রাষ্ট্রদূতকে একটি ক্রেস্ট প্রদান করেন। রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এ্যানরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন।

উল্লেখ্য, এখন থেকে উল্লিখিত চারটি দেশে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button