

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২৩ জানুয়ারি ২০২৬
রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচের অংশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ সড়ক সংলগ্ন এই অভিযান চালানো হয়।
পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মী রফিকুল ইসলাম জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচের সড়ক ও সংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসির এই তৎপরতা নিয়মিত চলমান রয়েছে।
সড়ক পরিষ্কারের পাশাপাশি ডিএনসিসি এলাকার পানি প্রবাহ সচল রাখতে খালগুলোতেও জোরদার কার্যক্রম চলছে। ডিএনসিসির দেওয়া তথ্যমতে, নিয়মিত খালের বর্জ্য পরিষ্কারে ৩৬০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন।
ইতোমধ্যে ২৯টি খাল ও ১টি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ করে ১৩০০টি সীমানা পিলার স্থাপন করা হয়েছে।
খালের জিআইএস ডাটাবেইজ ও হটস্পট ম্যাপ প্রস্তুত করা হয়েছে এবং ৩০ জন কর্মকর্তাকে জিআইএস প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে পাম্প স্টেশনগুলোর আধুনিকায়ন করা হচ্ছে।
এখানে পাঁচটি ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্পের পাশাপাশি নতুন আরও একটি ৫ কিউমেক পাম্প স্থাপন করা হয়েছে।
বর্তমানে ৩টি ৩.৩ কিউমেক এবং ২টি ৫ কিউমেক পাম্প চালু আছে। এছাড়া নতুন ১৬ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প হাউজ নির্মাণের জন্য ডিপিপি প্রস্তুতির কাজ চলছে।
কল্যাণপুর রিটেনশন পন্ড থেকে ১.১২ লাখ ঘন মিটার স্লাজ ও মাটি অপসারণ করে জলাধারের ধারণক্ষমতা বাড়ানো হয়েছে।
মিরপুর ও আব্দুল্লাহপুরে দুটি ছোট পাম্প স্টেশনও সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।




