বিশ্বকাপ থেকে বাদ পড়লো বাংলাদেশ, বিকল্প হিসেবে খেলবে স্কটল্যান্ড: আইসিসি

স্পোর্টস ডেস্ক | ঢাকা ২৪ জানুয়ারি ২০২৬ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভেন্যু সংক্রান্ত দীর্ঘ টানাপোড়েন এবং ভারতের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অনড় অবস্থানের কারণে বিসিবির পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২১ জানুয়ারি আইসিসি সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা আয়োজন করে। মূল আলোচনার বিষয় ছিল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশের ভারতে যেতে অস্বীকৃতি জানানো। সভায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে। সময়সীমা শেষ হওয়ার দুই দিন পর আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আইসিসি।

আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে জায়গা পাবে। তাদের সূচি হবে নিম্নরূপ:

প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং ইংল্যান্ড। ভেন্যু: প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। শেষ ম্যাচ: মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

আইসিসি সিইও সংযোগ গুপ্ত এক আনুষ্ঠানিক চিঠিতে বোর্ড সদস্যদের জানিয়েছেন যে, বিসিবির দাবিগুলো আইসিসির বিদ্যমান নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চিঠিতে তিনি উল্লেখ করেন:

“বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে চলতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে টুর্নামেন্টের স্বার্থে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প ছিল না।”

চিঠির অনুলিপি বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে পাঠানো হয়েছে। অন্যদিকে, স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলেও তাদের সিইও ট্রুডি লিন্ডব্লেডের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (DRC) দ্বারস্থ হয়েছিল। কিন্তু কমিটি বিসিবির আপিল খারিজ করে দিয়ে আইসিসি এবং চেয়ারম্যান জয় শাহর সিদ্ধান্তকেই বহাল রাখে।

নিরাপত্তা শঙ্কার দোহাই দিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত বড় ধরণের খেসারত দিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button