৫ লাখ টাকা চাঁদা দাবি: নাটোরে যুবদল নেতা বহিষ্কৃত

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোরঃ নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠায় এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। জেলা যুবদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা যুবদলের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাকিবুর রহমান রাজাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে গুরুদাসপুর উপজেলা পরিষদে হাট ইজারা কার্যক্রম শেষে পরিষদ চত্বরে প্রকাশ্যে চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে। পরদিন ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা রাকিবুর রহমান রাজা ইজারাদার ওবায়দুল ইসলাম তপুর কাছে ৫ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে শারীরিকভাবে ক্ষতিসাধনের হুমকি দেন। এ সময় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকারসহ কয়েকজন উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওসি উপস্থিত ব্যক্তিদের শান্ত থাকার অনুরোধ জানান।

ইজারাদার ওবায়দুল ইসলাম তপু একই এলাকার মৎস্যজীবী দলের সাবেক সহসভাপতি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হাট ইজারা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, দরপত্র কার্যক্রম শেষে তার সামনেই বাকবিতণ্ডার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে গুরুদাসপুর থানায় ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button