৫ ঘণ্টা আগেও পোস্ট, অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যু

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ১৫ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের এমন আকস্মিক সমাপ্তিতে স্তব্ধ শোবিজ অঙ্গন ও ভক্তরা।

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন তিনি। আলভী লিখেছেন:

“আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”

তিনি আরও অনুরোধ করেছেন যেন এই কঠিন সময়ে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো না হয় এবং তার পরিবারকে কিছুটা মানসিক স্বস্তি দেওয়া হয়। তিনি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শোকের ছায়া নেমে এসেছে। অবাক করার বিষয় হলো, মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টের নিচে মন্তব্য ঘরে অনুরাগী ও পরিচিতরা স্তব্ধ হয়ে পড়েছেন। অনেকেই আলভীর জন্মদিনে মা-ছেলের সুন্দর ভিডিওর স্মৃতিচারণ করে এই মৃত্যুকে ‘অবিশ্বাস্য’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের এই সুখী দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। অবুঝ সন্তানকে রেখে ইকরার এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button