ছাত্রলীগ-যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগ ও যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের উদ্যোগে ‘বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশ্বমৈত্রী কামনায় শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক পরিবেশ সৃষ্টি করেছেন, যাদের আগে ঘরে খাবার ছিল না তারা কোটি কোটি টাকার লোক হয়েছে। আমরা আগে শুনেছি, জমিদাররা রাজনীতি করলে তাদের জমিদারি ফতুর হয়ে যায়। আর এখন ছাত্রলীগ ও যুবলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যায়।

এই সরকার জোর করে ক্ষমতায় আছে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, এই সরকার মানুষের ভোট কেড়ে নিয়েছে, মানুষের হাঁটা চলা বন্ধ করে দিয়েছে, মানুষের সমাবেশ করার অধিকার বন্ধ করেছে, মানুষের কণ্ঠের স্বাধীনতাকে বন্ধ করেছে-সেই কণ্ঠের মধ্যে ফাঁসির দড়ি লাগিয়েছে। এই পরিবেশের বিরুদ্ধে বুদ্ধের বাণী আমাদেরকে অনুপ্রাণিত করে। নিজের কষ্ট সহ্য করে হলেও সত্যের প্রতি তার যে আত্মনিবেদন, সেই আত্মনিবেদন আমাদেরকে স্মরণ করেই আগামী দিনে এই স্বৈরাচার পতনে আমাদের সবাইকে প্রত্যয় দীপ্ত হতে হবে প্রত্যেককেই অঙ্গীকারবদ্ধ হতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাশ অপু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button