দুবাইফেরত প্রবাসী সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইরানে চলমান চরম উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও অস্থিরতা বিরাজ করছে। তবে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি এখনো স্বাভাবিক এবং হামলাগুলো মূলত মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুবাইফেরত প্রবাসী বাংলাদেশিরা।

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বুধবার (৪ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দেশ ছাড়ে। ফ্লাইটটি দুবাই থেকে যাত্রী নিয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঢাকা অবতরণ করে। বিমানবন্দর থেকে বেরিয়ে প্রবাসীরা তাদের অভিজ্ঞতার কথা জানান।

দুবাইয়ের দেইরা শহরের বাসিন্দা নোমান সিদ্দিকী বলেন, “ইরান যা করছে তা মূলত আমেরিকাকে বেইজ (লক্ষ্য) করে করছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করা হচ্ছে না। সেখানে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি এখনো ভালো। আমার পাশের আমেরিকার কনসাল অফিসেও অ্যাটাক হয়েছে, কিন্তু আমরা নিরাপদে ছিলাম। তাই দেশের মানুষের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”

তিনি আরও জানান, ১ মার্চ তার ফ্লাইট থাকলেও সেটি বাতিল হয়েছিল। পরে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে তিনি দেশে ফিরতে পেরেছেন। দুবাই সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় পাশে আছে বলেও তিনি উল্লেখ করেন।

দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ জানান, সেখানে মিসাইল হামলার বিকট শব্দ শোনা যাচ্ছিল, যা বেশ ভীতিকর ছিল। তিনি বলেন, “সেখানে ইরান যা করছে তা আমেরিকা বেইজ করে করছে। তবে দেশে মা-বাবা অনেক চিন্তিত ছিলেন। ফিরে এসে ভালো লাগছে।”

ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে বিশেষ ফ্লাইট পরিচালনা করায় প্রবাসীরা ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান, এই উদ্যোগ না নিলে তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যেত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button