পহেলা বৈশাখে সারাদেশে দেওয়া হবে কৃষক কার্ড

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখে টাঙ্গাইলে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার টাঙ্গাইল জেলায় দ্বিতীয় সফর, তবে বিশেষ কোনো কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এটিই তার প্রথম জেলা সফর। এর আগে গত ৩১ জানুয়ারি তিনি টাঙ্গাইলে এক জনসভায় অংশ নিয়েছিলেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী টাঙ্গাইল পৌঁছে প্রথমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি সেখানে আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে ভাষণ দেবেন। সফরের শেষ পর্যায়ে তিনি পৌর উদ্যানে আয়োজিত একটি কৃষি মেলার উদ্বোধন করবেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, দলের ঘোষিত ৩১ দফার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দফা হচ্ছে কৃষকদের উন্নয়ন। সেই লক্ষ্য বাস্তবায়নেই প্রধানমন্ত্রী টাঙ্গাইলকে বেছে নিয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই সীমানা থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা জানাতে প্রস্তুত।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইলে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার জানান, অনুষ্ঠানস্থলগুলোতে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানিয়েছেন, সফরের সফলতায় ইতোমধ্যে সকল সমন্বয় সভা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বাংলাদেশের ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। নবান্নের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে পয়লা বৈশাখের এই দিনটি কৃষকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও জানান, এই দিনটি উদযাপনে কৃষি মেলার পাশাপাশি খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে টাঙ্গাইল জেলাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button