

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে ‘ডিপ্লোমা দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৬’ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন সেশন, প্রশ্নোত্তর পর্ব ও বিষয়ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।
কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে দেশের বাছাইকৃত পলিটেকনিক ও টেকনিক্যাল প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইলাহীর সঞ্চালনায় এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে উপস্থিত আলোচকরা ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য কাঙ্ক্ষিত মান অর্জন, সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং ভারসাম্যপূর্ণ জীবনপদ্ধতি অনুসরণের ওপর বিশেষ নসিহা প্রদান করেন। বিশেষ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য দেশ ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, সম্ভাবনা এবং প্রস্তুতির চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজনের সভাপতির নূরুল ইসলাম বলেন, একজন দায়িত্বশীলকে অবশ্যই ব্যক্তিগত জীবনে আমানতদারিতা ও পরকালীন জবাবদিহিতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখতে হবে।
তিনি বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন এবং ক্যাম্পাসগুলোতে দাওয়াতি কাজ সম্প্রসারণে আধুনিক ও সৃজনশীল কৌশল অবলম্বনের আহ্বান জানান।
এছাড়া বিষয়ভিত্তিক আলোচনা পর্বে ‘পর্দা, খুলুসিয়াত, আমানতদারিতা ও জবাবদিহিতা’ বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা পলিটেকনিকে দাওয়াতি কাজের কৌশল নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ দায়িত্বশীলদের উদ্দেশ্যে ‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।




