
মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায় ও ঘরহীন একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলটির নিজস্ব উদ্যোগে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা একটি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
রবিবার (১০ মে) বিকালে টঙ্গীর রেলস্টেশন সংলগ্ন কেরানীর টেক বস্তি এলাকায় আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরটি ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি দীর্ঘ বছর ধরে ছোট দুই শিশু সন্তান নিয়ে অত্যন্ত কষ্টে দিন যাপন করছিল। নিজস্ব মাথা গোঁজার ঠাঁই না থাকায় ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ছালা ও পলিথিন দিয়ে তৈরি নড়বড়ে খুপরিতে বসবাস করতেন তারা। বৃষ্টি হলেই আশ্রয়ের জন্য ছুটতে হতো অন্যের বারান্দায়।
পরিবারটির এই চরম দুর্দশার কথা জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় “গ্লোবাল কিডস স্কুল”। স্কুলের পরিচালক মাহবুবুর রহমান জিলানী ও মোহাম্মদ শামীম রেজার সার্বিক তত্ত্বাবধানে রঙিন টিন, টেকসই পিলার ও বাঁশ দিয়ে মজবুত একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়।
গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও পরিচালক মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল খালেক, সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, সাংবাদিক নুরুজ্জামান ও আরিফ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন সামাজিক দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়। তারা সমাজের বিত্তবানদের প্রতি যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ঘর পেয়ে আবেগাপ্লুত পরিবারটি স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।




