সাকিবের সঙ্গে সম্পর্ক রাখবে না বিসিবি: পাপন

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানকে নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ আগস্ট (বৃহস্পতিবার) বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে কোনো ফরম্যাটের ক্রিকেটেই দলে থাকবেন না এই অলরাউন্ডার।

পাপন আরও বলেছেন, বেটিং-সংক্রান্ত যেকোনো অনৈতিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা দেশের ক্রিকেটের আইনের বাইরে। এমনকি দেশের আইনেও নিষিদ্ধ।

এশিয়া কাপের দল ঘোষণা এবং বেট উইনারের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি বিষয় নিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডির বিসিবি সভাপতির কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক বসে। বৈঠক শেষে পাপন জানান, চুক্তি বহাল রাখলে ক্রিকেটের সঙ্গে সাকিব থাকতে পারবেন না। সাকিবকে  হুঁশিয়ারি দিয়ে তিনি ঘোষণা দেন, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক রাখবে না বিসিবি।

তিনি আরও বলেন- দেখুন, আমরা তাঁকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আগে জানাক, দেখি তারপর তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তবে এতটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না।

উল্লেখ্য যে, কয়েকদিন আগে বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। এ নিয়ে ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তবে তা ভালোভাবে নেয়নি (বিসিবি)। বেটিং নিয়ে বিসিবির নিষেধাজ্ঞা রয়েছে। আর দেশীয় আইনেও বেটিং নিষিদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button