মায়ের প্রতি অবহেলা: সেই যুগ্ম-সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নুরজাহান বেগমের পচা-গলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে ও সরকারের যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার। 

মায়ের প্রতি চরম অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগে তার বিরুদ্ধে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (৩ জুন) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী উক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব শীঘ্রই যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

অভিযুক্ত এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে প্রাক্কলিত দায়িত্ব পালন করছেন।

গত ৩১ মে (রোববার) ঢাকার মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ স্থানীয় প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল এবং পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম যে ফ্ল্যাটে ছিলেন, সেটি তার মেয়ের বাসা। বাসাটি চরম নোংরা, অগোছালো ও বসবাসের অযোগ্য অবস্থায় ছিল।

ওসি আরও জানান, মৃত নুরজাহান বেগমের সন্তানরা প্রত্যেকেই সমাজে উচ্চ প্রতিষ্ঠিত। তার এক ছেলে সরকারের যুগ্ম-সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।

এমন উচ্চশিক্ষিত ও সামাজিকভাবে প্রভাবশালী সন্তানদের অবহেলায় একজন মায়ের এমন মর্মান্তিক ও নিঃসঙ্গ মৃত্যু দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহলের তুমুল নিন্দার মুখে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button