চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় বিএনপি নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা:  চুয়াডাঙ্গা পৌর এলাকায় চাঁদাবাজির সময় বিএনপি নেতা সোহেল রানাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সোহেল রানা চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টমোড় থেকে তাকে আটক করা হয়। রাতেই ভুক্তভোগী নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীন বাদী হয়ে সদর থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার সিরাজুল ইসলাম মনি এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদককে পুলিশ আটক করেছে বলে শুনেছি। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজে যদি তিনি জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, চুয়াডাঙ্গাতে কোনো বিএনপি নেতাকর্মী দলীয় প্রভাব খাটিয়ে বা দলের নাম ভাঙিয়ে যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেন, তাহলে তার দায় দল নেবে না। তাকে দল থেকে বহিষ্কার করাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার নুরুজ্জামান নামে একজন ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। গত ৫ আগস্টের পর থেকে সোহেল রানাসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ চক্র তার নির্মাণাধীন বাড়ির সামনে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে অভিযুক্তরা ৬ গাড়ি ইট ও ২ টন রড এবং ৩০ সেফটি কাঠ জোরপূর্বক নিয়ে যায়। হুমকি দিয়ে যায়, বিষয়টি যদি নুরুজ্জামান তার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জানায়, তাহলে তার পরিবারের সদস্যদের ক্ষতি করবে।

গত ৬ জানুয়ারি আবারও জোর করে ২ হাজার ইট নিয়ে যায় ওই চাঁদাবাজ চক্রটি। পরে ভয় পেয়ে নুরুজ্জামান বাড়ি করার বাকি ৬০ হাজার ইট অন্য জায়গায় বিক্রি করে দেন।

মঙ্গলবার ওই ইট ট্রাকযোগে সারানোর সময় সোহেল রানাসহ কয়েকজন বাধা দিয়ে বলে ১০ লাখ টাকা চাঁদা না দিলে ইট সরাতে দেবে না তারা। পরে বিষয়টি নুরুজ্জামান পুলিশকে জানায়।

খবর পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল খানসহ সঙ্গীয় ফোর্স কোর্ট মোড় এলাকার ঘটনাস্থল থেকে সোহেল রানাকে আটক করে থানা হেফাজতে নেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ভুক্তভোগী নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভিন বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button