আব্দুল আলিম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের একটি কৃষি খামার থেকে নিরব (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ পাওয়া যায়।

নিহত নিরব উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নাছির উদ্দিনের বড় ছেলে। সে বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে নিরবের ফোনে একটি কল আসে। এরপর সে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুর একটার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামারের ১০ নম্বর প্লটের ড্রেনে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে গোবিন্দপুর কৃষি খামারের প্রধান জুয়েল হোসেন জানান, খামারের ওয়াচম্যান ড্রেনে লাশ পড়ে থাকার খবর দিলে তিনি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও লালপুর থানায় অবহিত করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।