নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

ভরা মৌসুমে সবজির দাম কিছুটা স্বস্তিদায়ক থাকলেও শীতের বিদায়বেলায় আবারও অস্থির হয়ে উঠেছে রাজধানীর কাঁচাবাজার। সরবরাহ কমার অজুহাতে মাত্র দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরা, আজমপুর ও আব্দুল্লাহপুরসহ বেশ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।

সবজির নাম বর্তমান দাম (টাকা)
গোল বেগুন ৮০ টাকা
শসা ও গাজর ৮০ টাকা
কাঁচামরিচ ১৬০ — ১৮০ টাকা
টমেটো ৮০ — ১০০ টাকা
শিম ৪০ — ৮০ টাকা
ফুলকপি/বাঁধাকপি ৪০ — ৫০ টাকা (পিস)
শালগম ও মিষ্টি কুমড়া ৬০ টাকা
মুলা ও পেঁপে ৪০ — ৫০ টাকা
আলু ৩০ টাকা

উত্তরা ১১ নম্বর সেক্টর কাঁচাবাজারে আসা ব্যাংক কর্মকর্তা রিপন সরকার জানান, গত সপ্তাহে যে ফুলকপি ২০-৩০ টাকায় ছিল, আজ তা ৫০ টাকা। ক্রেতাদের অভিযোগ, শীত শেষ হওয়ার অজুহাতে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

কামারপাড়া বাজারের বিক্রেতা তৈয়বুর রহমান জানান, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। পাইকারিতে ২০-৪০ টাকা বাড়লে খুচরা বাজারে তার সরাসরি প্রভাব পড়ে।