আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তারাওয়ে দেশটির সাধারণ মানুষকে গণতন্ত্রের আশা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
তিনি দাবি করেছেন, এই অঞ্চলে গণতন্ত্র কার্যকর নয়; বরং এটি ধ্বংস ও মৃত্যু ডেকে আনে। এক্ষেত্রে তিনি লিবিয়ার গৃহযুদ্ধের উদাহরণ টেনেছেন।
২০২২ সালে এক সামরিক প্রতিবিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করা ইব্রাহিম তারাওয়ে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছেন। এমনকি তিন মাস আগে দেশটিতে সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি।
গত বৃহস্পতিবার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইব্রাহিম বলেন, “গণতন্ত্রের বিষয়টি জনগণকে ভুলে যেতে হবে। আমাদের সত্য বলা উচিত—গণতন্ত্র আমাদের জন্য নয়।”
তিনি আরও যোগ করেন, “গণতন্ত্র হত্যা করে। লিবিয়ার দিকে তাকান, এটিই আমাদের কাছে সবচেয়ে বড় উদাহরণ। বিশ্বের যেখানেই গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, সেখানেই রক্তপাত হয়েছে। গণতন্ত্র মূলত একটি আধুনিক দাসত্ব।”
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট রোচ মার্ক কাবোরেকে ক্ষমতাচ্যুত করার আট মাসের মাথায় জুনিয়র সেনা অফিসার ইব্রাহিম পাল্টা অভ্যুত্থান ঘটান। ক্ষমতা সংহত করার পর তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়িয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার দিকে মনোযোগ দিয়েছেন।
সূত্র: আরএফআই (RFI)।