মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ডের বৌ-বাজার গাজীবাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) ভোরে এই অগ্নিকাণ্ডে চারটি জুতার কারখানা ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ওই এলাকার চারটি জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানাগুলোর মালিকরা হলেন— মানিক, সেলিম ও ইকবাল। অপর এক মালিকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, ভোর ৫টা ২ মিনিটে আগুনের খবর পেয়ে তার নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার কর্মীদের প্রচেষ্টায় ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।
প্রাথমিক হিসেব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে কারখানাগুলোর কাঁচামাল ও উৎপাদিত পণ্যসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের প্রাথমিক কারণ হিসেবে শর্ট সার্কিটকেই চিহ্নিত করা হয়েছে।