গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে একটি পুকুর থেকে ছবেদা (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা মিল্কীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ছবেদা ওই এলাকার মৃত আবুল কাসেমের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে এলাকার নাসিমের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি গুরুদাসপুর থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নিহত নারী দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ পান করতেন এবং এলাকায় একাই চলাফেরা করতেন।

এ বিষয়ে জানতে চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।