শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে কুরবানির গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। শনিবার রাতে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

ট্রাকটি ছিনিয়ে নেওয়ার সময় গরুর মালিক হেলাল উদ্দিন, জহিরুল হক ও চালক মো. তৈয়বকে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত গরু ব্যবসায়ী জহিরুল জানায়, শ্রীনগর ছনবাড়িতে দুর্বৃত্তরা অন্য একটি পিকআপ দিয়ে ট্রাকটির গতিরোধ করে। এরপর চালকসহ গরুর মালিকদের লোহার রড দিয়ে পিটিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। ট্রাকে থাকা ৫টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

শ্রীনগর থানার ওসি মিল্টন দত্ত জানান, সংবাদ পাওয়ার পরপর ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের একটি টিম এ বিষয়ে কাজ করছে।