আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশজুড়ে ৪ দশমিক ৮ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে একটি বাড়ি ধসে অন্তত একজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের তীব্রতায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে পাঞ্জাবের জেলাম জেলার জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ির অংশবিশেষ ধসে পড়ে। ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে।
এছাড়া এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। পিন্ড দাদান খান ও এর আশপাশের এলাকায় বেশ কিছু কাঁচা-পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর এবং ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৮, ভূ-পৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। জেলাম জেলা থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে (অক্ষাংশ ৩২.৫৯° উত্তর ও দ্রাঘিমাংশ ৭৩.২৩° পূর্ব)।
ভূমিকম্পটি কেবল জেলাম অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না। রাজধানী ইসলামাবাদ ছাড়াও পাঞ্জাবের লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা এবং মান্দি বাহাউদ্দিনসহ বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।
ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে নেমেছে পুলিশ, উদ্ধারকারী দল (রেসকিউ) এবং স্থানীয় প্রশাসন। জেলামের ডেপুটি কমিশনার জানিয়েছেন, উপদ্রুত এলাকায় অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত মূল্যায়ন করা হচ্ছে।
সূত্র: ডন ও জিও নিউজ।