মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস। মার্কিন প্রশাসনের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ দিন ধরে চলা হামলার পর যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে—এমন উদ্বেগের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে এই হামলা স্থগিতের নির্দেশ দেন।

এদিকে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তটি কেবল একটি সাময়িক বিরতি নাকি দীর্ঘমেয়াদি পদক্ষেপ, তা এখনো স্পষ্ট নয়। তবে আপাতত ইরানে কোনো হামলা চালাচ্ছে না মার্কিন বাহিনী। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে কূটনৈতিক প্রচেষ্টার জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পরিস্থিতির অবনতি হলে বা প্রয়োজন দেখা দিলে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য মার্কিন সেনাবাহিনী বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে।