স্বাস্থ্যসেবা সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিগগিরই দেশে আরও চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া দেশের সব উপজেলা হাসপাতালকে ইতোমধ্যে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যসেবা খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার বাস্তব চিত্র সরাসরি দেখার জন্য সারা দেশের হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে। নিকট ভবিষ্যতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। গত ১৭ বছরে বিগত সরকার স্বাস্থ্যসেবায় তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি দাবি করে তিনি জানান, বর্তমান সরকারের সময়ে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।