ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশইন’ সমস্যার সমাধান দ্রুতই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় এবং পুশইনের এই ঘটনাটি মূলত পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির অংশ, বাংলাদেশকে চাপে ফেলার কোনো উদ্দেশ্য এখানে নেই।
আজ মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সীমান্তে পুশইনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, "ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো (পর্যবেক্ষণ) করেছি। সেখানে নির্বাচনে এটা একটা বড় ইস্যু ছিল। এটা মূলত তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ এই মুহূর্তে আমাদের ওপরে এসে পড়ছে।"
তিনি আরও বলেন, "আমি এভাবে মনে করি না যে বাংলাদেশের সঙ্গে কোনো একটা টেনশন (উত্তেজনা) তৈরির জন্য ভারতীয় কেন্দ্রীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল। তাদের একটা নিজস্ব রাজনীতি আছে, এটা তারই এক ধরনের বহিঃপ্রকাশ।"
ডা. জাহেদ উর রহমান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—বাংলাদেশে নতুন যে সরকার এসেছে তার সঙ্গে ভারত সরকারের বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা হয়েছে, এমনকি আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে; তারা বাংলাদেশের সঙ্গে ৫ আগস্ট পরবর্তী সময়ে ড. ইউনূস সরকারের আমলের যে পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই এখন সুসম্পর্ক চায়। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি (প্রাথমিকভাবে) দেখা যাচ্ছে, সেটার একটা সমাধান দ্রুতই হবে।"
তিনি স্পষ্ট করে বলেন, "এটা কোনোভাবেই তাদের কোনো ইনটেনশনালি (উদ্দেশ্যপ্রণোদিতভাবে) বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা বা বাংলাদেশকে চাপে রাখতে চাওয়ার বিষয় নয়।"
ব্রিফিংয়ে হামের কারণে শিশু মৃত্যুর ঘটনায় এখনো কোনো তদন্ত কমিটি বা পদক্ষেপ নেওয়া হয়নি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, "আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী সবার সঙ্গেই কথা বলেছি। মন্ত্রণালয় আপনাদের যেটা জানিয়েছেন, আমি আপাতত সেটুকুই কনভে করতে পারি, কারণ ওটাই মন্ত্রণালয়ের অফিসিয়াল স্ট্যান্ড।"
তিনি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে বলেন, "উনার (স্বাস্থ্যমন্ত্রী) ওই বক্তব্যটা আমি দেখেছি যখন এই তদন্ত কমিটির কথা এসেছে। তিনি জানিয়েছেন যে, এই মুহূর্তে এই অসুস্থতা বা প্রাদুর্ভাবটা নিয়ে তারা ব্যস্ত আছেন, এটাকে কত সফলভাবে ও ভালোভাবে ম্যানেজ করা যায়। পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এলেই তারা তদন্ত কমিটি গঠন করবেন। মন্ত্রণালয়ের এই অবস্থানটাই আমি আপনাদের জানিয়ে দিলাম।"
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, "আমি ব্যক্তিগতভাবেও এই খবরটা আবার নেব। তদন্ত কমিটি এখনো হয়নি, হলে নিশ্চয়ই আপনারা জানতেন। তবে আপনি যে প্রশ্নটা করেছেন এটা অত্যন্ত ভ্যালিড (যৌক্তিক)। সরকার কিন্তু এটা বলেনি যে তদন্ত কমিটি করবে না, পরিস্থিতি সামাল দিয়েই এটি করা হবে।"