ঢাকার কেরানীগঞ্জে একটি অবৈধ ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র্যাব-১০। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান বলেন, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। যুবসমাজকে রক্ষায় র্যাবের মাদকবিরোধী অভিযান সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি এ ধরনের অপরাধ বা অপরাধী সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য তিনি জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।