ওমান উপকূলে একটি ট্যাংকার জাহাজে হামলা হয়েছে। জাহাজটিকে অজ্ঞাত প্রজেক্টাইল দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। হরমুজ প্রণালিতে চলাচল নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটেছে।
শনিবার (১ আগস্ট) ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, ওমানের লিমাহ থেকে ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, আঞ্চলিক কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকার জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের দাবি নাকচ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে, এ নৌপথে চলাচলের জন্য কোনো ধরনের টোল আদায় করা হবে না। সৌদি আরবের সঙ্গে উত্তেজনার মধ্যে নৌপথে টোল আদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
ইয়েমেনের হুথি-পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এই কৌশলগত জলপথ উন্মুক্ত রয়েছে।
গত সপ্তাহে সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করেছে হুথিরা। এ ঘটনার পর লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়ে এ বিবৃতি দিয়েছে গোষ্ঠীটি।
সূত্র: আল জাজিরা