লেখক: দৈনিক প্রথম বেলা (রিপোর্ট)
চলতি বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। বুধবার (১০ জুন) ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই প্রশংসা করেন।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত ‘দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে’ এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজমন্ত্রী ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় যে দক্ষতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা দেখা গেছে, তার বিশেষ প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে আগামীতে বৈশ্বিক হজ ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে বাংলাদেশের সক্রিয় সহযোগিতা কামনা করেন সৌদি মন্ত্রী।
দ্বিপক্ষীয় এই বৈঠকে সামগ্রিক হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব ও বৈপ্লবিক উন্নয়নের জন্য সৌদি সরকারকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী কায়কোবাদ আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়ন ও হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সব সময় সৌদি সরকারের পাশে থাকবে এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে।
বৈঠকে সৌদি হজমন্ত্রী আগামী ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করার জন্য সৌদি সরকারের নেওয়া বিভিন্ন দূরদর্শী পদক্ষেপের কথাও তুলে ধরেন।
এবারের হজে: হজযাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, সুশৃঙ্খল যান চলাচল নিয়ন্ত্রণ ও ভিড় ব্যবস্থাপনা, আধুনিক তথ্যপ্রযুক্তির সফল ব্যবহার, এবং ‘মাশায়ের’ এলাকায় হাজিদের উন্নত সেবা প্রদান।
ইত্যাদির মাধ্যমে একটি চমৎকার ও ইবাদত-বান্ধব পরিবেশ তৈরি করায় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।