গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের আসন্ন কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ধর্মপ্রাণ ও সচেতন নাগরিক মোঃ শামীম বেপারী। এলাকার সর্বস্তরের মানুষের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি এই ঘোষণা দেন।
টঙ্গীর আউচপাড়ার সুবিখ্যাত বেপারী পরিবারের ঐতিহ্যবাহী সন্তান শামীম বেপারী। তার পরিবারে রয়েছে দীর্ঘদিনের জনসেবার এক গৌরবোজ্জ্বল ইতিহাস। তার দাদা মরহুম আঃ আসাদ বেপারী এবং পিতা মরহুম সিরাজ উদ্দিন বেপারী উভয়েই সফলভাবে সাবেক কমিশনারের দায়িত্ব পালন করেছেন। পারিবারিক সেই রাজনৈতিক ও সামাজিক ধারাবাহিকতা রক্ষা করেই জনসেবাকে জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন তিনি।
নির্বাচনী ঘোষণা প্রসঙ্গে মোঃ শামীম বেপারী বলেন,
"আমার একটাই স্বপ্ন—৫৪ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন সুখে থাকে এবং যেকোনো সমস্যায় তাদের পাশে একজন সত্যিকারের সেবক হিসেবে যেন আমাকে পায়। আমি চাই সবাই মিলে একটি উন্নত, সচেতন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে।"
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে শামীম বেপারী এলাকার নানা ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। একজন পরিশ্রমী, সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি হিসেবে ইতিমধ্যে তিনি এলাকার তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক কল্যাণ ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ এলাকার বহুমুখী উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই সম্ভাব্য প্রার্থী।