প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির নাজিরহাটের বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফর নির্বिघ্ন করতে র্যাব, পুলিশ ও এসএসএফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও মাঠে রয়েছেন।
আজ রোববার (৯ আগস্ট) দুপুরে হেলিকপ্টারে ফটিকছড়িতে পৌঁছে বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শীর্ষ আলেমদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সভায় হেফাজতে ইসলামের প্রায় ৭০ জন আলেম উপস্থিত থাকার কথা রয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে সকাল থেকে ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশি করা হয়েছে। প্রশাসনের অনুমতি এবং একাধিক ধাপের তল্লাশি ছাড়া কাউকে মাদ্রাসায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর যাতায়াত পথ ও আশপাশের এলাকাতেও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।