দিন কয়েক ধরে চলা জোর গুঞ্জনকে সত্যি করে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ কোয়েল মল্লিক।
আজ বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেল মারফত তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় পরাজয়ের পর থেকেই দলটির অভ্যন্তরে ব্যাপক ভাঙন ও অস্থিরতা দেখা দিয়েছে। কোয়েল মল্লিকের আগে গত কয়েকদিনে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো হেভিওয়েট নেতারা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। পরপর এই পদত্যাগের জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে এখন মাত্র ৯ জনে এসে দাঁড়িয়েছে। গুঞ্জন রয়েছে, চলতি সপ্তাহের মধ্যে আরও কয়েকজন সাংসদ পদত্যাগ করতে পারেন।
টলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী অভিনেত্রী কোয়েল মল্লিক ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন। ফলে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূলের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম দেখে অনেকেই বেশ চমকে গিয়েছিলেন। পরবর্তীতে গত এপ্রিল মাসে সপরিবারে দিল্লি গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ‘পাগলু’ খ্যাত এই অভিনেত্রী।
সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে কোয়েল বলেছিলেন, “অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা—এর থেকে বড় মহৎ কাজ হতে পারে না। আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে।”
তবে সাংসদ হিসেবে শপথ নেওয়ার মাত্র ৬৬ দিনের মাথায় এবং দলের নির্বাচনী বিপর্যয়ের পর এভাবে তড়িঘড়ি পদত্যাগ করায় তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এখন বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। আকস্মিক এই পদত্যাগ প্রসঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।