শোবিজ অঙ্গনের চিরচেনা প্রতিযোগিতা আর ইঁদুরদৌড় নিয়ে যখন চারদিকে নানা আলোচনা চলে, তখন একেবারেই ভিন্ন এক স্রোতে ভাসলেন মডেল ও জনপ্রিয় অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। কাজের জায়গায় কাউকে নিজের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী ভাবেন না তিনি। তার মতে, ক্যামেরার বাইরের দুনিয়ায় সবাই শুধুই মানুষ, যেখানে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সম্পর্কটাই সবচেয়ে মুখ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ভাবনা, জীবনদর্শন ও সহশিল্পীদের সঙ্গে কাজের রসায়ন নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন মিথিলা। এই গ্ল্যামার কন্যা মনে করেন, প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু স্বতন্ত্র যোগ্যতা থাকে, যা তাকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়।

কাজের ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মিথিলা বলেন, “আমার কাছে মনে হয় সবার নিজের একটা যোগ্যতা আছে এবং সেই যোগ্যতা দিয়েই কিন্তু একটা মানুষ সফল হয়। সুতরাং, অন্য কারও সাথে আমার কম্পিটিশন (প্রতিযোগিতা) দেওয়ার কোনো দরকার নাই। আমার যোগ্যতা যদি থাকে তাহলে আমি কাজটা করতে পারব, অন্যদিকে আমার যোগ্যতা না থাকলে আমি যেটাই করি না কেন, সেই কাজটা আমার হবে না।”

কাজের দুনিয়ায় কাউকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে নারাজ এই অভিনেত্রী নিজের কাজের সীমানাকে স্বাধীন রাখতেই পছন্দ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমার কাজের জায়গায় কেউ আমার প্রতিদ্বন্দ্বী নয়। তারা তাদের কাজ করতেছে, আমি আমার কাজ করছি।”

একই সঙ্গে নারীদের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও আবেগের মেলবন্ধনকে একটু ভিন্ন চোখে দেখেন মিথিলা। ছেলেদের ছোট না করে মেয়েদের প্রতি নিজের এক ধরনের বিশেষ অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, “আমার কাছে মনে হয় একটা মেয়ে অন্য একটা মেয়ের সাথে যে ধরনের ইমোশনাল বন্ডিং (আবেগীয় সম্পর্ক) তৈরি করতে পারে, মনের যে স্তরের কথা শেয়ার করতে পারে, একটা ছেলে সাধারণত সেটা পারে না। আমি ছেলেদেরকে খারাপ বলছি না। তবে সেই জায়গা থেকে মেয়েদের জন্য আমার একটা আলাদা ফিলিংস আছে, যা সবসময়ই থাকবে।”