খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনে এই আগুনের সূত্রপাত হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনের নিচতলায় থাকা জেনারেটর রুম থেকে প্রথম কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ভবনের ভেতরে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। হাসপাতালে আগুন লেগেছে— এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন এবং আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে অনেককে হাসপাতাল থেকে নিচে নেমে আসতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। সংবাদ পাওয়ার মাত্র ৫ মিনিটের মাথায় অর্থাৎ ৯টা ৪০ মিনিটে খুলনা সদর ফায়ার স্টেশনের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে।
খুলনা সদর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি বিবেচনায় আরও ৬টি ইউনিটকে যুক্ত করা হয়।
সব মিলিয়ে বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশ প্রশাসন ও স্থানীয় উৎসুক জনতা আগুন নিয়ন্ত্রণে এবং রোগীদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করছেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম গণমাধ্যমকে বলেন:
"আগুনের খবর পেয়ে আমাদের টিম দ্রুত রেসপন্স করেছে। এখন পর্যন্ত ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য আমাদের কাছে নেই। আমাদের মূল লক্ষ্য দ্রুত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা এবং হাসপাতালের সবাইকে নিরাপদে রাখা।"