টঙ্গীর দত্তপাড়া হাজি মার্কেট এলাকার একতা হাউজিং সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এম. আই. মামুনের সার্বিক উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর পদপ্রার্থী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, বিশিষ্ট কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ এবং মইনুল ইসলাম মনু।
আলোচনা সভায় কাউন্সিলর পদপ্রার্থী মইনুল ইসলাম মনু তাঁর বক্তব্যে বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সর্বদা একতা হাউজিং সোসাইটির পাশে থাকবেন। পাশাপাশি এলাকা থেকে চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক দল নেতা কসিম উদ্দিন। তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তুলতে সোসাইটির যে কোনো উদ্যোগে তিনি পাশে থাকবেন।
আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মিথিল, তৌফিক, ফোরকান, নাজমুল ও রোহান। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।