দেশে কর্মরত রেডিওলজি টেকনোলজিস্টদের দ্রুত নিয়োগ, কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টস’ আয়োজিত ‘১৭তম ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার-২০২৬’-এ বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী এই আয়োজন ২৭ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, সারাদেশে প্রায় ১২ হাজার রেডিওলজি টেকনোলজিস্ট রয়েছেন। দেশের স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিপুলসংখ্যক দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। সরকার ইতোমধ্যে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি জানান, এর পাশাপাশি রেডিওলজি টেকনোলজিস্টদের নিয়োগের বিষয়েও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশের রেডিওলজি টেকনোলজিস্টদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, দেশের রেডিওলজি সেবার মান অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। এমনকি বাংলাদেশের রেডিওলজি রিপোর্ট সিঙ্গাপুরেও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। মেশিনের মানের পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত টেকনোলজিস্টদের ভূমিকার কারণেই মানসম্মত রিপোর্ট তৈরি সম্ভব হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
রেডিওলজি টেকনোলজিস্টদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেডে উন্নীতকরণ প্রসঙ্গে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ করার আশ্বাস প্রদান করা হবে এবং তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বৈজ্ঞানিক সেমিনারটির প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আয়োজন রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তির আধুনিক জ্ঞান ও নতুন প্রযুক্তির সঙ্গে টেকনোলজিস্টদের পরিচিত করার পাশাপাশি পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার, অধ্যাপক হুমায়ুন কবির এবং রেডিওলজি ও ইমেজিং টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশনের ভারতের সভাপতি মোহনলাল ভগওয়াত, নেপালের সাধারণ সম্পাদক পাভুপ্রকাশ পিমালসিনা ও থাইল্যান্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাপাপং পোগনাপাং। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে রেডিওলজি ও ইমেজিং প্রযুক্তিবিদরা অংশ নেন।