পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিগত সরকার ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের জন্য দুর্নীতির মাধ্যমে যন্ত্রপাতি কিনেছে, যা বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সোয়া ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘ সাত বছর পর এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হলো। এক হাজার শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি থাকে। চিকিৎসাসেবার মান উন্নত করতে, রোগী হয়রানি রোধ করতে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে রেজুলেশনের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মানস কুমার কুণ্ডু, সহকারী পরিচালক ওমর ফয়সাল, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব নজরুল ইসলাম এবং প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।