সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে জেলি পুশ করা প্রায় ৩৬ কেজি চিংড়ি জব্দ করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় ট্রাকচালক সাইফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ।
শনিবার (২৯ আগস্ট) রাতে যশোর শহরের বকচর এলাকায় র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্সের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, সাতক্ষীরা থেকে ট্রাকে করে জেলি পুশ করা চিংড়ি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বকচর এলাকায় গাড়িটির গতি রোধ করে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকে থাকা চিংড়িতে জেলি পুশের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মৎস্য কর্মকর্তাকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে চিংড়ির ভেতরে জেলি পুশ করার সত্যতা পান সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ।
পরে ভ্রাম্যমাণ আদালতের বা আইনানুগ ক্ষমতার আওতায় ট্রাকচালক সাইফুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত চিংড়ি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হেফাজতে নেওয়া হয়।